ভাষানটেকে প্রতিপক্ষের হামলায় তরুণ লীগ নেতা আহত

mirpur_122326রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী তরুণ লীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। তার নাম আবুল হোসেন মিয়া (৫৫)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।


আবুল হোসেন আওয়ামী তরুণ লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক।
আহতের নাতি উজ্জল জানান, আবুল হোসেন ভাষানটেক থানার দামালকোট বস্তিতে থাকেন। তিনি দামালকোট মোড়ে মুদির ব্যবসা করেন। তরুণ লীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। সোমবার বিকাল ৫টার দিকে স্থানীয় সন্ত্রাসী শওকত ধারালো অস্ত্র দিয়ে আবুলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা চলে যায়। তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শওকতের সঙ্গে আবুলের কী নিয়ে বিরোধ ছিল তা স্পষ্ট জানাতে পারেননি উজ্জল।
এদিকে আওয়ামী তরুণ লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আজিজুর রহমান স্বপন বলেন, আবুল হোসেন মিয়ার ওপর হামলাকারী শওকত একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকার মানুষের ওপর দীর্ঘদিন নির্যাতন চালিয়ে আসছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিষয়টি ভাষানটেক থানা পুলিশকে জানানো হয়েছে।
/এআইবি/এআর/