আশকোনায় আত্মঘাতী হামলার পুলিশ প্রতিবেদন ২৫ এপ্রিল

আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলারাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈনউদ্দিন সিদ্দিকি মামলার এজাহার গ্রহন করে ওই দিন ধার্য করেন।
মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মো. লিয়াকত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাতে রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করে র‌্যাব। র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামি করে মামলাটি করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে দেয়াল টপকে প্রবেশ করে এক যুবক আত্মঘাতী হামলা চালায়। বোমা বিস্ফোরণে শরীর ছিন্নভিন্ন হয়ে মারা যায় হামলাকারী। এতে দুজন র‌্যাব সদস্য আহত হন।

/এসআইটি/এমও/