রাজধানীর ডেমরা থেকে চার ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, হাতকড়া, ওয়াকিটকি, গুলি, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবারে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কাশেম জীবন (৪৮), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে রনি (২৮), মো. মোস্তফা কামাল ওরফে লিঙ্কন ও মো. স্বপন আঁকন (৩২)।
ঘটনার বর্ণনা দিয়ে র্যাব জানায়, শেখের জায়গায় র্যাবের নিয়মিত চেকপোস্ট দিয়ে রবিবার রাতে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে যাচ্ছিল। সেখানে কর্তব্যরত র্যাব সদস্যরা গাড়িটিকে থামার নির্দেশ দিলে ভেতরে থাকা ব্যক্তিরা উত্তেজিত হয়ে নিজেদের ডিবি পরিচয় দেয়। এরপর তাদের পরিচয়পত্র দেখতে চান সেখানে থাকা র্যাব কমান্ডাররা। কিন্তু তারা কোনও সঠিক পরিচয়পত্র দেখাতে পারেনি।
এসময় তাদের গাড়ি থেকে নামিয়ে গাড়ি ও দেহ তল্লাশি করে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি পিস্তলের পোছ, ১টি ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১টি সিগন্যাল লাইট, ছিনতাইকৃত ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা, ১১টি মোবাইল সেট ও ১টি লোহার লাঠি উদ্ধার করা হয়, এবং তাৎক্ষণিক তাদের গ্রেফতার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো। তারা বিভিন্ন মামলার আসামি বলেও জানায় র্যাব।
/এআরআর/এমও/