ধর্ষণের অভিযোগে আইনুল হক (৬৪) ও ইউসুফ মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরখানের মাজার চৌরাস্তার ফৌজিরবাথান এলাকার একটি বাসায় শারমীন আক্তার ও আইনুল হক দম্পদির সঙ্গে ছিল ১০ বছরের শিশুটি। শিশুটির দেড় বছর বয়সের সময় তাকে দত্তক নেন শারমীন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দেড় বছর আগে আইনুলের সঙ্গে তার বিয়ে হয়। শিশুটিকে নিয়েই তারা সংসার করছিলেন।
বুধবার দুপুরে একা পেয়ে শিশুটিকে আইনুল ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢামেকের ওসিসিতে পাঠায়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এ ঘটনায় শারমীন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে দক্ষিণখান থানাধীন মালঞ্চ সোসাইটি এলাকায় একটি মোমবাতির কারখানার শ্রমিক ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাকে একা পেয়ে ওই কারখানার মালিকের শ্যালক ইউসুফ মিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার এবং ইউসুফকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন।
/এনএল/জেএইচ/