আদালত পরিবর্তনে খালেদা জিয়ার আবেদন শুনানি বুধবার

 

খালেদা জিয়া (ফাইল ছবি: সংগৃহীত)জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার শুনানি শেষে পরবর্তী শুনানীর জন্য বুধবার তারিখ ধার্য করেন বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ৬ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করেন।আদালতে খালেদার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সোমবারও খালেদার আবেদনের ওপর শুনানি হয়।

ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার কাজ চলছে। এর আগেও খালেদা জিয়ার আবেদনে এই মামলায় আদালত পরিবর্তন করে দিয়েছিলেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।

/ইউআই/এমএনএইচ/