আটক গাড়িসহ ভাটারার ওসিকে হাইকোর্টে তলব

 

সুপ্রিম কোর্টআটকের একমাস পরও গাড়ি মালিককে ফেরত না দেওয়ায় গাড়িসহ ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে গাড়ি আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ভাটারা থানার ওসিসহ ৫জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীপক্ষের আইনজীবী বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, রাজধানীর কুড়িলের ব্যবসায়ী মো. মমিন উদ্দিন গত ১৩ জুলাই ভাটারা এলাকার একটি শপিং মলের সামনে গাড়ি রাখেন (টয়োটা এলিয়ন ১৫০০সিসি)। পরে নিচে এসে আর গাড়ি পাননি। গাড়ির মালিক জানতে পারেন, ভাটারা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম গাড়িটি নিয়ে গেছেন।

আইনজীবী জানান, পরবর্তী সময়ে গাড়ির মালিকানা ও বিআরটিএ-এর বৈধ কাগজ দেখিয়েও কোনও সিদ্ধান্ত পাননি এমনকি গত ৭ আগস্ট গাড়িটি ফিরে পেতে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও তিনি নিতে অস্বীকৃতি জানান। এরপর সমাধান পেতে ২২ আগস্ট এই মালিক হাইকোর্টে রিট  করেন।