হলি আর্টিজানে হামলা: ১১ দফা পেছালো প্রতিবেদন দাখিলের সময়

গুলশান হামলাগুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। এ নিয়ে ১১ বার পিছিয়ে গেল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। রবিবার (২৭ আগস্ট) এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন না দিয়ে সময়ের আবেদন জানালে আগামী ১০ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধক এসআই ফরিদ মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। জঙ্গিদের এ হামলা ঠেকতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
পরদিন সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্টে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয় জন।
এই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।
মামলা দায়েরের পর কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার না হওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়নি। তবে গত ১৯ জুলাই ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে।

আরও পড়ুন
গুলশান হামলায় মামলা দায়ের, ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আদালত
হলি আর্টিজানে হামলা: ফের পেছালো প্রতিবেদন দাখিলের সময় 

৩ কারণে হলি আর্টিজান হামলার চার্জশিটে দেরি