বনশ্রীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত-লাশরাজধানীর বনশ্রীতে মেহজামিন ইসলাম সানিয়া (২৫) নামে ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) সকালে দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


সানিয়া ইডেন কলেজের মাস্টার্স ব্যাংক শাখার ৩য় বর্ষের ছাত্রী। তার বাবা মুদি দোকানি রফিকুল ইসলাম জানান, আজ সকালে তিনি তার মেয়েকে ফ্যানের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টায় সানিয়াকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সানিয়ার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে তার পরিবারের কেউ কিছু জানাতে পারেনি।