লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অপহরণ চক্রের ছয় জন গ্রেফতার

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের অপহরণ করে দেশে মুক্তিপণ আদায় করছে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। এই অপহরণকারীদের হয়ে মুক্তিপণ নিচ্ছে তাদের স্বজন ও বিশ্বস্তরা। বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অপহৃতদের স্বজনদের কাছ থেকে এসব মুক্তিপণের টাকা আদায় করছে তারা। সংঘবদ্ধ এই অপহরণকারী চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের ৪ জনগ্রেফতারকৃতরা হলেন- মো. কামাল উদ্দিন (৪৫), নাজনীন বেগম (৩৫), আবু কাশেম (৩৫), বেবী আক্তার (৩৫), মামুন মিয়া (৪২) ও মো. নূরুল হক (৪৫)। গত ৭ থেকে ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ ভৈরবপুর ও নরসিংদী রায়পুরার মাহমুদাবাদ পাগলা বাজার এবং জংলি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা মেট্রো’র বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণের টাকা আদায় করছে দেশে থাকা অপহরণকারীরা। অপহরণকারীরাও লিবিয়া প্রবাসী বাংলাদেশি। তারা অপহৃতদের নির্যাতন করে ভিডিও পাঠাচ্ছে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে। এরপর দাবি করা হচ্ছে মুক্তিপণ।

তিনি আরও বলেন, ‘আমরা এই সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছি। অপহৃতদের উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনতে লিবিয়াতে যথাযথ নিয়ম অবলম্বন করে যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে লিবিয়ার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

তিনি জানান, বাংলাদেশে গ্রেফতারকৃতরা অপহরণকারীদের সঙ্গে সম্পৃক্ত। তারা মূলত দেশে থেকে মুক্তিপণের টাকা গ্রহণ করে। তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়েছে। ভিকটিমদের উদ্ধার ও অপহরণে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।