বিদ্যুৎস্পৃষ্ট প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

কদমতলীরাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট এক প্রতিবেশী নারীকে বাঁচাতে গিয়ে নয়ন বেগম (৩৯) নামে অপর এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট এক নারীকে হাসপাতালে আনা হলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী কাঁচামাল বিক্রেতা মালু মিয়া জানান, দুপুর দেড়টার দিকে কদমতলী সাদ্দাম মার্কেট এলাকায় আমাদের ভাড়া টিনসেট বাসার পাশের ঘরে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে বাঁচাতে গিয়ে সে (নয়ন) নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তবে প্রতিবেশী ওই নারী বেঁচে গেছেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩ টায় তাকে মৃত ঘোষণা করেন, বলে জানান তিনি।