মোহাম্মদপুরে দোকানে ঢুকে নারী বিক্রয়কর্মীকে খুন

 

স্ত্রী খুনরাজধানীর মোহাম্মদপুরে একটি পোশাকের দোকানে ঢুকে বিক্রয়কর্মী জেসমিন আক্তার টুম্পাকে (২৩) এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের ২৩/এক্স নম্বর বাড়ির নিচতলার পোশাকের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক  বলেন, পোশাক দোকানটির মালিক ফাহিম। পোশাক দোকানটি দুই মাস আগে চালু হয়েছে। এখানে শুধু নারীদের থ্রি-পিস বিক্রি করা হয়। দোকানে দু’জন নারী বিক্রয়কর্মী ছিলেন। একজন টুম্পা অন্যজন ফারিয়া। প্রতিদিনের মতো তারা আজও দোকান খোলেন। সকাল সাড়ে ১১ টার দিকে অপরিচিত এক ব্যক্তি দোকানে প্রবেশ করে টুম্পাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় অন্য বিক্রয়কর্মী চিৎকার করতে থাকলে লোকটি দ্রুত পালিয়ে যায়। এরপর টুম্পাকে উদ্ধার করে শহীদ সোহওরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘আমরা অন্য বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন, যে লোক আঘাত করেছে, তাকে কখনও এর আগে এই দোকানে আসতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, টুম্পার কাছের কেউ হবে। টুম্পার গ্রামের বাড়ি ভোলায়। তার বাবা ও ভাই সাভারে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মোহাম্মদপুর থানার পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দুই মাস দোকানের বয়স হলেও টুম্পা সেখানে দেড়মাস ধরে কাজ করছিলেন। মালিক ফাহিম ব্যবসার পাশাপাশি একটি চাকরিও করেন। তিনি প্রতিদিন রাতে হিসাব নেন। ঘটনার সময় বিক্রয়কর্মী দু’জনই ছিলেন।’ তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর টুম্পার বাবা এলে তার সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করা হবে। আমরা দোকান থেকে ভিডিওফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’