বিমানের তিন কর্মকর্তাকে দুদকে তলব





দুদকবিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কেনাকেটায় অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আগামী ৮ তারিখ তাদের ডাকা হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানের এই তিন কর্মকর্তা হলেন, বিমান প্রিন্টিং প্রেসের বর্তমান জেনারেলে ম্যানেজার খান মোশাররফ হোসেন বিমান, বিএফসিসির বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার জামালউদ্দিন তালুকদার ও বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) ইকবাল হোসেন আলীজা। এর মধ্যে খান মোশাররফ হোসেন বিমান প্রিন্টিং প্রেসের জেনারেল ম্যানেজার দায়িত্ব পালনের আগে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারেরে জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
এ প্রসঙ্গে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল বলেন, ‘তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।’
বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) ইকবাল হোসেন আলীজা বলেন, ‘দুদকের চিঠি পেয়েছি। তারা কোনও বিষয়ে আমার সহযোগিতা চাইলে, আমি অবশ্যই সহযোগিতা করব।’
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধানের ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা পরির্দশনে যান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।