বিচারপতি নিয়োগ ছাড়া ষোড়শ সংশোধনীর রিভিউ করে লাভ নেই: অ্যাটর্নি জেনারেল

 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)নভেম্বরের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘আপিল বিভাগে বিচারপতি নিয়োগ না দেওয়া-পর্যন্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করে কোনও লাভ হবে না।’ মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, ‘আমি বলেছিলাম, এ মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে রিভিউ করব। কিন্তু এখন মনে হচ্ছে, নভেম্বরের মধ্যে  রিভিউ করতে পারবো না। তবে আমরা গতকাল (সোমবার) সার্টিফাইড কপি পেয়েছি। কপি পাওয়ার পর থেকে আমরা আরও ২৭ দিন সময় পাবো। এ সময়ের মধ্যে আমরা রিভিউ করবো।’ তিনি বলেন, ‘যে গ্রাউন্ডে রিভিউ করা হবে সেগুলো আমরা সংগ্রহ করেছি। এখন গ্রাউন্ডগুলো ঘষামাজা করছি, বিভিন্ন রকমে এগুলোকে রিফাইন করা, এগুলোই আমাদের কাজ। তবে নভেম্বরের মধ্যে (রিভিউ) হচ্ছে না’।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিভিউ এখন ফাইল করলেই তো লাভ হবে না। মূল আবেদনটি শুনেছিল সাতজন (বিচারপতি)। এখন আমাদের বিচারপতির সংখ্যা পাঁচ জন। রিভিউয়ের স্বাভাবিক নিয়ম হলো, যে ক’জন মূল মামলাটি শুনেছেন, তত জন  বা তার চেয়ে বেশিসংখ্যক বিচারপতি রিভিউ শুনানি করে পুনর্বিবেচনা করতে পারবেন। কিন্তু শুনানি হোক বা না হোক, আমাদের সময়মতো ফাইল (রিভিউ) করতে হবে। আমাদের হাতে এখনও ২৭ দিন সময় আছে। এর ভেতরেই আমরা ফাইল করবো। আমি মনে করি এটা পুনর্বিবেচনা করা একান্ত দরকার।’ 

আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নতুন বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত রিভিউ ফাইল করা হলেও কোনও রিভিউ শুনানির সম্ভবনা নেই, এটা আমিও মনে করছি’। তিনি আরও বলেন, ‘বাড়তি (রিভিউতে) যেসব কথাবার্তা হয়েছে, সেগুলো তো নিশ্চয় আমরা চাইবো না। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হবে, কি হবে না, সেটা বোঝা যাবে ৯৬ অনুচ্ছেদে (সংবিধানের) যে  আইন হবে, সেই আইনটা দেখার পর’।