ইসি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

 

সুপ্রিম কোর্টউচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-১০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ইসি সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রবিবার এক আবেদনের এক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রাজিউদ্দিন আহমেদ পারভেজ।

পরে রাজিউদ্দিন আহমেদ পারভেজ বলেন, ‘২০০৮ সালের আগে কুমিল্লা সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা দু’টি সংসদীয় আসনের (কুমিল্লা-৯ ও ১১) অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ওই বছরের ১০ জুলাই নাঙ্গলকোট উপজেলা ও সদর দক্ষিণের কয়েকটি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-১০ আসন করে গেজেট প্রকাশ করা হয়। এছাড়া ২০১৩ সালের ৩ জুলাই নাঙ্গলকোর্ট ও সদর দক্ষিণের পুরো উপজেলাকে এক করে কুমিল্লা-১০ আসন নির্ধারণ করে গেজেট প্রকাশ করে ইসি।’ তিনি বলেন, ‘এরপর বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আব্দুল গফুর ভূঁইয়া হাইকোর্টে ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। সেই রিট আবেদনে বলা হয়, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাত, ভৌগলিক অখণ্ডতা ও প্রশাসনিক ইউনিটগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।’

ব্যারিস্টার রাজিউদ্দিন আহমেদ পারভেজ বলেন, ‘গত ২০ মার্চ রুলের ওপর শুনানি শেণ করে রায় দেন আদালত। ওই রায় অনুযায়ী কুমিল্লা-১০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসিকে নির্দেশনা দেওয়া হয়। এরপর গত ১২ জুলাই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর আদেশ পালনে নির্বাচন কমিশনকে জানানো হয়। কিন্তু আদেশ বাস্তবায়ন করার উদ্যোগ না নেওয়ায় গত ১৫ নভেম্বর ইসিকে আদালত অবমাননার একটি নোটিশ দেওয়া হয়।’ তিনি বলেন, ‘ইসি ওই নোটিশের কোনও জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট কুমিল্লা-১০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ইসি সচিবের বিরুদ্ধে অবমাননার রুল জারি করেন আদালত।’