শাহজালালে স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষীসহ আটক ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১টি স্বর্ণবারসহ সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী ও সৌদি আরব ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার বিকালে র‌্যাবের গোয়েন্দাদের সহায়তায় তাদের আটক করা হয়। আটকরা হলেন- সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী মুহাম্মদ আবু তালেব ও রিয়াদ ফেরত যাত্রী মোহাম্মাদ বাসেদ।

স্বর্ণবারসহ নিরাপত্তারক্ষী আটকশুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা জানতে পারে ৩০ জানুয়ারি রিয়াদ থেকে ঢাকাগামী বিমানে (ফ্লাইট নং- এসভি ৮০৮) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান সংঘটিত হবে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ৩টার দিকে শুল্ক গোয়েন্দার দল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ, ব্যাগেজ বেল্ট, এপ্রোন ও ইমিগ্রেশনসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। র‌্যাব গোয়েন্দাদের সহযোগিতায় বিমান থেকে যাত্রী নামার সময় তাকে শনাক্ত করে গোপনে অনুসরণ করে।’

একপর্যায়ে যাত্রী বাসেদকে র‌্যাব ও শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, চোরাচালানে আসা স্বর্ণের ২১টি বার বিমানবন্দরে কর্মরত একজনের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ড. মইনুল খান বলেন, ‘রিয়াদ থেকে আসা যাত্রীকে ট্রানজিট পয়েন্টে র‌্যাব ও শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি জানান, বিমানবন্দরে কর্মরত একজনের কাছে তার সঙ্গে আনা ২১টি স্বর্ণবার হস্তান্তর করবে। পরবর্তীতে যাত্রী বাসেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আগমনি হলের সিঁড়ির কাছ থেকে সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী মুহাম্মদ আবু তালেবকে আটক করা হয়।’

স্বর্ণ চোরাচালানের সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী জড়িত থাকার প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান বলেন, ‘নিরাপত্তারক্ষী আবু তালেবকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সিভিল এভিয়েশনের নিরাপত্তা গার্ড হিসেবে ৩৪ বছর ধরে কর্মরত আছেন। সিভিল এভিয়েশনের সিকিউরিটি পাশ নিয়ে এই স্বর্ণ চোরাচালানে সহায়তা করছিলেন তিনি।’

তিনি আরও জানান, প্রতিটি ১১৬ গ্রাম ওজনের মোট ২১টি স্বর্ণবার আটক করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। আটক স্বর্ণ চোরাচালানের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালানের অভিযোগে আটক দুই ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।