প্রিজন ভ্যানে হামলার ঘটনায় পুলিশের দুই মামলা

রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শাহবাগ থানায় এই দুই মামলা দায়ের করা হয়।

প্রিজন ভ্যানে হামলাশাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদল কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫৭ ও ৫৮। থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও চম্পক বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছেন।

তিনি আরও জানান, মামলায় বিএনপির শীর্ষ অনেক নেতাকর্মীর নাম উল্লেখ করে সাত-আটশ’ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে প্রিজন ভ্যানে হামলার পর শাহাবাগ ও রমনা থানাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক ৬৯ জনও রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে গুলশানে ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় হাইকোর্ট এলাকায় আগে থেকে জড়ো হওয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা চালান। তারা প্রিজন ভ্যান ভাঙচুর করে ভেতরে থাকা ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যান। এঘটনায় শাহবাগ থানার এএসআই হান্নান এবং একজন কনস্টেবল আহত হন। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি রাইফেলও ভেঙে ফেলে।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে গত দুই মাসে এ নিয়ে চতুর্থবারের মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো।