সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। এছাড়াও কোথাও কোথাও জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরও আটক করা হয়েছে। বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র এসব আটকের তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে। পুলিশ বলছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব ব্যক্তিদের আটক করা হয়েছে। তবে তা অস্বীকার করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ সরকারের ইচ্ছেমতো সারাদেশে গণগ্রেফতার চালাচ্ছে।
পাবনায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী, সুনামগঞ্জে ২১ ও নীলফামারীতে ৭ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৬৩ নেতাকর্মী, পঞ্চগড়ে ১২ নেতাকর্মী, কুড়িগ্রামে ২০ জন নেতাকর্মী, নেত্রকোনায় ২৫ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এছাড়া চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জীবননগর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাশকতার আশঙ্কায় মাদারীপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমরাত দিনগত রাত ও মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লক্ষ্মীপুরেও বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
খুলনায় বিএনপির ১৩ নেতাকর্মী, ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী, বাগেরহাটে ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান জুয়েলসহ বিএনপির ৯ জন ও জামায়াতের ৬ জনকে আটক করা হয়।
সাতক্ষীরায় ৪৫ নেতাকর্মী আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৪ জন ও জামায়াতের ৪১ জনকে আটক করে।
জামালপুরে বিএনপির ৭০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নাগরিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করার দরকার তা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। যারা পুলিশের ওপর হামলা করেছে, প্রিজন ভ্যানের উপর হামলা করেছে, তাদেরই গ্রেফতার করা হচ্ছে।’