নাখালপাড়ায় বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নাখালপাড়ায় নিহত গৃহবধূ আমেনা বেগমরাজধানীর পশ্চিম নাখালপাড়ার রসুল ভিলা নামে একটি বাড়িতে ঢুকে ওই বাড়ির মালিক আমেনা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে দিকে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে ওই নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (ওসি) মাজাহারুল ইসলাম।
জানা গেছে, ২৮৮ পশ্চিম নাখালপাড়া ঠিকানার রসুল ভিলার মালিক ছিলেন আমেনা বেগম। ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তিনি।
রসুল ভিলানাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির একটি ফ্ল্যাটের এক ভাড়াটিয়া জানান, বাড়ির নিচতলায় কোনও ভাড়াটিয়া ছিল না। আজ বৃহস্পতিবার দুপুরে এক তরুণ ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে দেখতে আসে। আমেনা বেগম তাকে ফ্ল্যাট দেখাতে যান। পরে আমেনা বেগমের চিৎকার শুনে আশপাশের সবাই এসে ফ্ল্যাটে তার মৃতদেহ দেখতে পান।
ওসি মাজাহারুল ইসলাম বলেন, আমেনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করছি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তের পর এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ময়নাতদন্তের জন্য আমেনা বেগমের মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।