গুলিবিদ্ধ তিনজন হলেন- শিশু মালেক (৭), রাব্বী (২৪) ও সোহেল। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা জানান, তারা বালু মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় তাদের পায়ে গুলি লাগে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুলাগুলির ঘটনা শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে। তবে এলাকাটি সম্ভবত রমনা জোনের মধ্যে পড়েছে।’
আহত সোহেল জানায়, সে মীরেরটেক এলাকায় এ্যামব্রোডারি কারখানায় কাজ করে। কয়েকজন মিলে ঐ পথ দিয়ে বাসায় ফিরছিল, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ পেয়ে দৌড়ে পালানোর সময় দেখি একটি গুলি এসে পায়ে লাগে। সোহেলের বাবার নাম মনির হোসেন। বাগিচারটেক এলাকার শামছুলের বাড়িতে ভাড়া থাকেন তিনি।
আহত মালেকের বাবা রিকশাচালক চান মিয়া জানান, গতকাল গ্রামের বাড়ি ময়মনসিংহ গৌরিপুরের রামকৃষ্ণপুর থেকে ঢাকায় আমার বাসায় বেড়াতে আসে ছেলে মালেক। ঘটনার সময় সে ঐ মাঠে খেলা করছিল, দু’টি গুলি এসে তার বাম পায়ে লাগে। বাগিচারটেক এক নম্বর গলিতে একটি বাসায় ভাড়া থাকেন বলেও জানান তিনি।