সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো আবারও

মেহেরুন রুনি ও সাগর সারোয়ার (ফাইল ছবি)সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছালো। মঙ্গলবার (১৩ মার্চ) এটি দাখিলের দিন ধার্য থাকলেও জমা দেয়নি মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে আরও ৫৪টি ধার্য তারিখেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। আজ মঙ্গলবারও র‌্যাব এটি দাখিল করতে ব্যর্থ হলো। এ কারণে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদনটি জমার জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী জহুরুল হক এ তথ্য জানিয়েছেন।

এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলো বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই দম্পতির একমাত্র সন্তানের নাম মেঘ।