হানিফ পরিবহনের চালক ও হেলপার ইয়াবাসহ আটক, বাস জব্দ

র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক ও হেলপার ফারুক আলম ও সুমন (ছবি: সংগৃহীত)রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে ইয়াবাসহ হানিফ পরিবহনের এক বাসচালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-২। তারা হলো ফারুক আলম (৩৯) ও সুমন (৩৩)। তাদের কাছ থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এই অভিযানের সময় বাসটি জব্দ করা হয়েছে। র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শাহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর আভিযানিক দল রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ’র পূর্ব প্রান্তে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র‌্যাব কর্মকর্তাদের জানান, অতিরিক্ত লাভের আশায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে তারা। দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সুকৌশলে রাজধানীসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল তারা।

এএসপি শাহিনুর ইসলাম জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সহযোগীদেরও ধরার চেষ্টা চলছে।