নথি না আসায় হাসান সরকারের আপিলের শুনানি হয়নি

হাসান উদ্দিন সরকার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের আপিল আবেদনের নথি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে না পৌঁছানোয় এ বিষয়ে আজ সোমবার (৭ মে) শুনানি হয়নি।

সোমবার দুপুরে (৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জয়নুল আবেদীন।

এর আগে সোমবার সকালে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি’র প্রার্থী। পরে এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর খাস কামরায় দেখা করেন বিএনপি’র মেয়র প্রার্থীর আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। এরপর তাকে আপিলের অনুমতি দেওয়া হয়।

গত ৬ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচার জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছিলেন প্রার্থীরা।

 

আরও পড়ুন:

স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আপিলের শুনানি দুপুরে

গাজীপুর সিটি নির্বাচন: স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন বিএনপির প্রার্থী