ঢাকার শীর্ষ ১১ মাদক ব্যবসায়ী কারাগারে: ডিএমপি

 

প্রেস ব্রিফিং করছেন ডিএমপির অতিরিক্ত কমিণার দেবদাস ভট্টাচার্যমাদকবিরোধী অভিযানের অনেক দিক থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, ‘রাজধানী ঢাকার চিহ্নিত শীর্ষ ১১ মাদক ব্যবসায়ী কারাগারে।  ঘোষণা দিয়ে অভিযান চালানোর উদ্দেশ্য হলো আতঙ্ক সৃষ্টি ও  গণসচেতনতা সৃষ্টি করা।’ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে  আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

দেবদাস ভট্টাচার্য বলেন, ‘আমরা যে ঘোষণা দিয়েই কেবল মাদকের বিরুদ্ধে অভিযানে যাই, বিষয়টা সে রকম না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। গত কয়েকদিন রাজধানীর বেশ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়েছি। যেসব বস্তিতে শত শত কোটি টাকার মাদক কেনাবেচা হয়, সেগুলোতে অভিযান চালিয়েছি। অনেককে আমরা আটক করছি। প্রশ্ন হচ্ছে, যাদের আটক করছি, তারা কোন লেবেলের মাদক ব্যবসায়ী? আমরা যাকেই আটক করছি. তাদের প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই করছি। তারপর গ্রেফতার দেখানো হচ্ছে।’

ঘোষণা দিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানের যুক্তি তুলে ধরে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘জনগণ দেখছে, আমরা মাদক স্পটগুলোয় অভিযান চালাচ্ছি। মাদক উদ্ধার করছি, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছি।  মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। জনগণ দেখছে। এতে গণসচেতনতা সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত,  গ্রেফতার ও আতঙ্কে তাদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। আশা করছি, অপরাধীরা যখন কারাগার থেকে বের হবে, হয়তো তারা আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে না।’ তিনি বলেন, ‘আমাদের কাছে ঢাকা মহানগরের মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে। শীর্ষ মাদক ব্যবসায়ীদেরও তালিকা আছে। সেগুলো দেখেদেখে আমরা অভযান চালাচ্ছি। শীর্ষ মাদক ব্যবসায়ীদের ১১ জন বর্তমানে কারাগারে রয়েছে। এই অভিযানের আগে ও পরে তাদের গ্রেফতার করা হয়।’ জানুয়ারি থেকে রবিবার (২৭ মে) পর্যন্ত রাজধানীতে ৫ হাজার  ৩শ মাদকের মামলা হয়েছে বলেও তিনি জানান।