ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক রিমান্ডে



ইসহাক সরকার (ফাইল ছবি)রাজধানীর পল্টন থানার নাশকতা অভিযোগে দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের এক দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত। রবিবার( ২২জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. সোলাইমান গাজী আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগে বলা হয়, গত ০২ এপ্রিল ২০১৭ সালের নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় যানবাহন ও জনসাধরণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইসঙ্গে বেআইনি জনতা মিলিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা শুরু করে। ওই সময় কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়াসহ ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা।