জাবালে নূরের সেই গাড়িচালক ৭ দিনের রিমান্ডে

আদালতরাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার জাবালে নূর গাড়ির চালক মাসুম বিল্লাহর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক এইচ এম তোয়াহা শুনানি শেষে এ আদেশ দেন।

বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করে বলেন, আসামি (মাসুম বিল্লাহ) দুই শিক্ষার্থী নিহত হওয়া ঘটনার মূলহোতা। তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। পরে বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার আটক গাড়িচালক ও হেলপারসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু মামলার কেস ডকেট (সিডি) না আনায় বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন। একইসঙ্গে এ আসামিদের কারাগারে পাঠান একই বিচারক।

আটক আসামিরা হলেন এনায়েত হোসেন (৩৮),সোহাগ আলী (৩৫),রিপন হোসেন (৩২) ও জোবায়ের(৩৬)।

প্রসঙ্গত, ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তখন জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতিসম্পন্ন জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শিক্ষার্থীদের চাপা দেয়। এ ঘটনায় দিয়া খানম মীম ও আব্দুল করিম সজীব নিহত হয়।

ওই ঘটনায় নিহত মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।