আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
পরে এহসানুর রহমান বলেন, ‘এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য রাখেন কুমিল্লার আদালত। তবে এরমধ্যে খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি ছয় মাসের জামিন পেলেন। এছাড়াও এর আগে এই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। সেই আবেদন এখন শুনানি চলমান অবস্থায় রয়েছে।’
এর আগে ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ৮ যাত্রী মারা যান। আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন।