শহিদুল আলমকে হাসপাতালে নেওয়ার নির্দেশনা চেয়ে রিট



আদালতে শহিদুল আলম (সোমবারের ছবি: সাজ্জাদ হোসেন)আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ডিবি কাস্টডি থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সারা হোসেন এ রিট দায়ের করেন। রিট আবেদনটি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানা গেছে।

রিটের পক্ষে ব্যারিস্টার ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারাহ হোসেন শুনানি করবেন।
প্রসঙ্গত, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলন নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গত ৬ আগস্ট ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (পরিদর্শক) আরমান আলী। শহিদুল আলমের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।