রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

 

পুরান ঢাকার চকবাজার থানার পশ্চিম ইসলামবাগে মোহাম্মদ সেলিম নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কামরুল নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে, নিহতের বড় ছেলে রনি জানান, সোমবার রাতে সাড়ে ৯ টার দিকে তার বাবাকে এক প্রতিবেশী বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে বাড়ি থেকে একটু দূরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে করে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আলতাফ নামের এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার বাবার বিরোধ চলছিল। এর আগেও আলতাফ তাকে একবার ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই সময় তিনি প্রাণে বেঁচে যান।

নিহতের স্ত্রী রিনা বেগমও তার স্বামীকে হত্যার বিষয় আলতাফ নামে ওই ব্যক্তিকে অভিযুক্ত করেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ বলেন, ‘ঘটনার পর কামরুল নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের পরিবার যার নাম বলেছে, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’ লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে বলেও জানান তিনি।