গাবতলীতে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

আটক চার জনরাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ১০)। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. আমিনউল্লাহ (১৯), মো. মাহবুব আলম (৪১), মো. আবু বক্কর সিদ্দিক (২৩) ও মো. আজাদ (২৪)। এসময় তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬২৫ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি টেকনাফ ও কক্সবাজার থেকে বাসযোগে ইয়াবার একটি চালান গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় হস্তান্তর হবে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে র‌্যাব সদস্যরা অবস্থান নেয়। অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানায়, আটক মো. আমিনউল্লাহ কক্সবাজার জেলার রামু থানার ইলিশিয়া পাড়ার মো. সৈয়দ হোসেনের ছেলে। মো. মাহবুব আলমের বাড়ি সিলেটের পল্লবী থানার পশ্চিম পাঠানটোলায়। তার বাবার নাম মৃত ইউনুস আলী।  মো. আবু বক্কর সিদ্দিক বান্দরবান জেলার আলী কদম থানার পাট্টাখাইয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে। মো. আজাদ কক্সবাজারের উত্তর নানিয়াচাটা এলাকার মো. শফিউল্লাহর ছেলে। এর আগেও তারা বিভিন্ন সময় ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছিল বলে জানা গেছে।