৪৪ লাখ টাকা ও ফেনসিডিলসহ চট্টগ্রামের জেলার আটক

আটক জেলারনগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চট্টগ্রাম থেকে একজন মাদক ব্যবসায়ী বিজয় এক্সপ্রেসে উঠছে। ওই তথ্যের ভিত্তিতে আমরা ট্রেন থেকে একজনকে আটক করি। তার ব্যাগ থেকে ১২ বোতল ফেনসিডিল ও ৪৪ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক এবং দুই কোটি টাকার এফডিআরসহ আরও বিভিন্ন ধরনের কাগজপত্র পেয়েছি।’

উদ্ধার করা চেকআটক ব্যক্তির পরিচয় সম্পর্কে আব্দুল মজিদ বলেন, ‘আটকের পর আমাদের কাছে তিনি পরিচয় দেন চট্টগ্রামের জেলার। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করে জানতে পারি উনার নাম সোহেল রানা বিশ্বাস। তিনি চট্টগ্রাম জেলা কারাগারের জেলার।’

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানিলন্ডারিং আইনে পৃথক দুটি মামলা হচ্ছে। তিনি টাকা নিয়ে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ।