রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে একহাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২। শুক্রবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে ঢাকা ডায়গনস্টিক সেন্টারের সামনে চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো– মো. নুরুল আফসার (৩০), মোছা. হাসনা হেনা (৩৮), মো. আবুল বাশার (২৮) ও মো. ফরকান (৩০)। আটককৃতদের কাছে পলিথিনের কাগজ দিয়ে মোড়ানো একহাজার পিস ইয়াবা, নগদ টাকা একলাখ ৬০ হাজার টাকা, ৪টি মোবাইল, নিউ ইগল পরিবহনে ২টি টিকেট পাওয়া যায়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া, এএসপি) মোহাম্মদ সাইফুল মালিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, চট্টগ্রাম থেকে আসা নিউ ইগল পরিবহন করে ইয়াবা ট্যাবলেটের একটি চালান মোহাম্মদপুর এলাকায় যাবে। এরপর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের ঢাকা ডায়গনস্টিক সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে চেকপোস্টের সামনে এসে ভেতরে থাকা যাত্রীরা রেব হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন চার জনকে আটক করা হয় এবং একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, বর্তমানে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশে তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা নানা কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়। এর আগেও বেশ কয়েকটি ইয়াবার চালান সরবরাহ করেছিল তারা। এ ছাড়া, তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে।’ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।