৬ দফা মেনে নেওয়ার দাবিতে সড়কে ভিকারুননিসার শিক্ষার্থীরা




ভিকারুননিসা শিক্ষার্থীদের বিক্ষোভভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়েছেন। চলমান বিক্ষোভের দ্বিতীয় দিন বুধবার (৫ ডিসেম্বর) শিক্ষার্থীরা প্রিন্সিপালসহ বাকি অভিযুক্ত শিক্ষকদের পদত্যাগের লিখিত আদেশ দেওয়াসহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, অভিযুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, স্কুলে মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, কথায় কথায় টিসি দেওয়ার ভয় দেখানো যাবে না, মানসিক সুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কাউন্সিলিং করাতে হবে, ভিকারুননিসার গভর্নিংবডির সব সদস্যকে অপসারণ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়া হলে সড়ক ছেড়ে তারা বিদ্যালয়ে ফিরে যাবেন।

ভিকারুননিসা শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভএর আগে মঙ্গলবারও (৪ ডিসেম্বর) দিনভর ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল এই কিশোরীর সামনে তার বাবাকে অপমান করেন। টিসি দেওয়ার হুমকি ও বাবাকে অপমান করার বিষয়টি সইতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে।

ছবি : সাজ্জাদ হোসেন