মালিবাগে বাসচাপায় ২ পোশাক শ্রমিকের মৃত্যু

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

মালিবাগ এলাকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট সুব্রত কুমার দেব বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে মীম (১৫) ও পারভিন (২০) নামে দুই পোশাক শ্রমিক চৌধুরীপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সুপ্রভাত নামে একটি যাত্রীবাহী মিনিবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পারভিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিনও মারা যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘাতক বাসটিকে হাতিরঝিল এলাকা থেকে পুলিশ আটক করেছে। এর চালককেও আটক করা হয়েছে।