মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেলো সন্তানের

নিহত শিমনরাজধানীর মুগদায় মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেলো চার বছরের সন্তান শিমনের। শুক্রবার (৮ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শিমনের মা কলি আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, মুগদার মান্ডা শাহআলমের গলির বাসা থেকে সন্তাদের জন্য কলা কিনতে শিমনকে নিয়ে মেইন রোডের কাছে যান তিনি। সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তার হাত ছাড়িয়ে শিমন দৌড় দিতেই একটি রিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিমন গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শিশুটির মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

শিপনের বাবার নাম আমির হোসেন। তার বাবা প্রাইভেট কার চালান। ৪ ভাইবোনের মধ্যে শিমন ছিল তৃতীয়।