উদ্ধার ইয়াবা জমা না দেওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ

আদালত৫০ হাজার ইয়াবা উদ্ধারের পর তা থানায় জমা না দেওয়ার ঘটনায় জড়িত থাকায় নারায়ণগঞ্জের সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলায় এক মাসের এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৫০ হাজার ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি নারায়ণগঞ্জ থানার পুলিশ সদস্য আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ওসির নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন।

২৪ ফেব্রুয়ারি পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন শুনানিকালে এ মামলার তদন্তের বিষয়টি হাইকোর্টের দৃষ্টিগোচর হয়। যার ধারাবাহিকতায় আদালত এ আদেশ দেন।