সড়ক পরিবহন আইন কার্যকরে গেজেট প্রকাশ চেয়ে আইনি নোটিশ

আদালতনিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে করা সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করতে ৭ দিনের মধ্যে আইনটির গেজেট প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ মোট আট সচিবকে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার (১০ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ২০১৮’ পাস করে একই বছরের ৮ অক্টোবর আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্তু এ আইনটির ১(২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির গেজেটের পর আইনটি কার্যকর করতে গেজেট প্রকাশ করতে হবে। ছয় মাসের বেশি সময় পার হলেও সরকার আইনটি কার্যকরে কোনও গেজেট প্রকাশ করেনি। তাই ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে ৭ দিনের মধ্যে সরকারকে আইনটির গেজেট প্রকাশ করতে নোটিশে উল্লেখ করা হয়েছে।