‘ভাই হত্যার বিচার চাই’





আনোয়ার হোসেনগত ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের পুর্বরতনপুর দেওয়ানবাজার এলাকার একটি কেন্দ্রে দু’পক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন ফয়সাল হোসেন। গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কান্নাজড়িত কণ্ঠে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নিহতের ভাই আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘গত ৩১ মার্চ আমার ভাই ভোট দিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন। তখন দু’পক্ষের গোলাগুলিতে বুকে গুলি লাগে তার। এ সময় রিয়াজ, নান্টু, হাসানসহ ৫-৭ জন ছিল। ওদের হাতে চারটা পিস্তল ছিল। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।’

আনোয়ার হোসেন বলেন, ‘বুকে গুলি লেগে ফুসফুসে ইনফেকশন হওয়ায় ডাক্তাররা আমার ভাইকে বাঁচাতে পারেননি। বৃহস্পতিবার বিকাল চারটা পয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ‘আমার ভাইয়ের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। তাদের এখন কী হবে। আমি ভাবতেই পারছি না।’

মুন্সীগঞ্জের পুর্বরতনপুর দেওয়ানবাজারে ফয়সালদের বাড়ি। বাবা রজ্জব আলী, মা মাকসুদা বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।