সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজর রাখে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৮৯ ) শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটে আসেন যাত্রী আমির খান ও তিন ভারতীয় নাগরিক। আমির খানকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করেন কাস্টম কর্মকর্তারা। গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক আরোপযোগ্য কোনও পণ্য আছে কিনা তা জানতে চাওয়া হয়। এ ধরনের কোনও পণ্য নেই বলে জানায় ওই ভারতীয় নাগরিক। কিন্তু আর্চওয়ে মেশিনে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপর আমির খানের পরিহিত প্যান্ট এবং সঙ্গে থাকা আরও পাঁচটি প্যান্ট ও ব্যাগের বিভিন্ন অংশ চেক করা হয়। এ সময় প্যান্ট ও ব্যাগের মধ্যে লুকানো ‘রিং’ আকৃতির ধাতব পদার্থ পাওয়া যায়। ‘রিং’য়ে সিলভারের প্রলেপ দেওয়া ছিল, যা সরিয়ে ফেললে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। প্যান্টগুলোতে রিংগুলো বিশেষভাবে তৈরি গোলাকৃতির ক্যাপের মধ্যে লুকানো ছিল। যেগুলো আলাদা করতে দীর্ঘ সময় লাগে।