১৩ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যুবদল নেতা টুকু






সুলতান সালাহ উদ্দিন টুকু (ফাইল ছবি)দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। সোমবার (১ জুলাই) রাত ৮টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলার বলেন, ‘আদালত থেকে পাঠানো জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’

এ বিষয়ে বিএনপির ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম সরকার বলেন, ‘আজ (সোমবার) রাত ৮টার কিছুক্ষণ পর সুলতান সালাহ উদ্দিন টুকু কারাগার থেকে বের হয়েছেন। কারামুক্তির পর তিনি এখন ঢাকার দিকে রওনা দিয়েছেন।’

উল্লেখ্য, বিএনপির যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর নামে শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। গত বছরের (২০১৮) বছরের ১ জুন তিনি পল্টন থানায় নাশকতার মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর কাশিমপুর কারাগার, এরপর মুন্সীগঞ্জ কারাগার হয়ে সর্বশেষ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এরপর উচ্চ আদালতে এক-এক করে বিভিন্ন মামলায় জামিন পেয়ে সোমবার মুক্তি পান তিনি।