দুদক কর্মকর্তাদের উদ্দেশে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি করলে পরিণতি সুখকর হবে না। দুর্নীতি নির্মূলের অঙ্গীকার নিয়ে মাঠে আছে দুদক। আপনাদের প্রত্যেককে সেই অঙ্গীকার রক্ষা করতে হবে। সংস্থার প্রতি অঙ্গীকার ও মমত্ববোধ না থাকা কাঙ্ক্ষিত নয়।’
দুদকের ভিশন-মিশনের সঙ্গে কর্মকর্তাদের কাজ সঙ্গতিপূর্ণ না হলে, বেতন নেওয়া বৈধ হয় কিনা, ভেবে দেখার আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।’তিনি বলেন, ‘দুদক কর্মকর্তাদের আচরণ হতে হবে সর্বোচ্চ বিনয়ী। জিজ্ঞাসাবাদে কৌশলগত কারণেই জ্ঞান, বুদ্ধি ও বিবেচনার নির্মোহ প্রয়োগ ঘটাতে হবে। এক্ষেত্রে উদ্ভাবনীমূলক কৌশল প্রয়োগের মাধ্যমে অপরাধীদের অপরাধের তথ্য সঠিকভাবে পাওয়া যেতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত হোমওয়ার্কের কোনও বিকল্প নেই।’
প্রশিক্ষণ কোর্সে অংশ নেন দুদকের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা।