টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা

দুদক-বেসিক-ব্যাংকবেসিক ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।  দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেন। 

মামলার আসামিরা হলেন বেসিক ব্যাংক গুলশান শাখার চাকরিচ্যুত ডেপুটি জেনারেল ম্যানেজার এস আসিফ আহমেদ, মেসার্স কম এক্সিম’র প্রোপ্রাইটর মীর মো. মনজুরুল ইসলাম ও মীর মো. বোরহান। আসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় হওয়া মামলায় ঘটনার সময় কাল ২০০৮ সালের ৪ আগস্ট থেকে ২০০৯ সালের ২৮ এপ্রিল পর্যন্ত উল্লেখ করা হয়েছে।