বাউফলে ১১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

জব্দ জাল আগুনে পোড়ানো হয়পটুয়াখালীর বাউফল থানার তেতুলিয়া ও চন্দ্রদ্বীপ নদীতে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক জানান, তিন লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ মাছ জব্দসহ ১১ জেলেকে আটক করা হয়।  জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। ১১ জেলেকে বাউফল থানায় হস্তান্তর করা হয়।

এম হায়াত ইবনে সিদ্দিক জানান, প্রজনন মৌসুমে মা-ইলিশ নিধনরোধে ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত দেশের প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সরকারের সেই নিদের্শনা বাস্তবায়নে কোস্ট গার্ড বাহিনী তৎপর রয়েছে। কোস্ট গার্ড বাহিনীর ছোট-বড় জাহাজ, স্থায়ী ও অস্থায়ী কন্টিনজেন্টের সদস্যরা শতাধিক কোস্টগার্ড বোট ও ভাড়ায় নেওয়া বোটের মাধ্যমে দেশের বিভিন্ন নদীতে টহলে নিয়োজিত রয়েছে।