গুজবে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালজনগণ যেন গুজবে বিভ্রান্ত না হয়, সেদিকে লক্ষ রেখেই কমিউনিটি পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘যেকোনও তথ্য জানার সঙ্গে সঙ্গে তা যাচাই করে দেখুন।’ শনিবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ভোলার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামুতে দেখেছি, নাসিরনগরে দেখেছি, সম্প্রতি ভোলায় দেখলাম। অন্যান্য জায়গায়ও এর খারাপ দিক দেখেছি। তিনি বলেন, ‘দেশে প্রতিদিনই কোনও না কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছি। কমিউনিটি পুলিশের সহযোগিতায় পুলিশ দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। এজন্য দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। সেটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কমিউনিটি পুলিশ বিশ্বব্যাপী বিস্তৃত। বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সাজানো হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’— এই স্লোগানে বিভিন্ন কমিউনিটি বা জনগণের সঙ্গে মিশে গিয়ে কাজ করতে হবে।’’

বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ব্যবস্থা দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে গড়ে ৮০০ নাগরিকের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের যে দায়িত্ব, তা জনসাধারণ পালন করছে বলে তা শান্তির বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হচ্ছে। ঢাকা শহরের জনগণের তথ্য সংগ্রহ করে একসঙ্গে রাখা অনেক কঠিন। এই কঠিন কাজটা অনেক দক্ষতার সঙ্গে যে যার অবস্থান থেকে করেছেন।’

সমাবেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘নাটক, কবিতা ও কথার মাধ্যমে সমাজকে যেভাবে প্রভাবিত করা যায়, তা লাঠি দিয়ে করা সম্ভব নয়। সমাজের সবাইকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। সন্তানদের খেলাধুলায় যুক্ত করতে হবে। তা না করতে পারলে সন্তানদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে রক্ষা করা সম্ভব নয়।’

এর আগে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে সকাল ১০টার দিকে ডিএমপি সদর দফতর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর দফতর থেকে বের হয়ে বেইলি রোড় হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।