ফেসবুকে ফেক আইডি দিয়ে ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃত ওই তরুণের নাম কামরুল হাসান শোভন (২৪)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, ২০১৫ সালে ভুক্তভোগী নারী কলেজে লেখাপড়া করার সময় সুজন নামের এক তরুণের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিমের কিছু ব্যক্তিগত ছবি তার মুঠোফোনে ছিল। ২০১৭ সালের প্রথম দিকে ওই তরুণের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ভুক্তভোগী নারী।
নাজমুল ইসলাম বলেন, গত ১৭ নভেম্বর ফেসবুকে হৃদয় খান নামে একটি ফেক আইডির মাধ্যমে ম্যাসেঞ্জারে কিছু ব্যক্তিগত ছবিসহ ম্যাসেজ করেন শোভন। ছবিগুলো সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করতে থাকেন তিনি। পরে ভিকটিম মিরপুর মডেল থানায় জিডি করেন। কিছুদিন পরে ওই তরুণ আবারও একই কাজ করেন। এরই প্রেক্ষিতে ভিকটিম গত ৩০ ডিসেম্বর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া সাইবার সিকিউরিটি অ্যঅন্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, অভিযোগটি পাওয়ার পর এডিসি নাজমুল ইসলামের তত্ত্বাবধানে অনুসন্ধান করে ফেক ফেসবুক আইডির ইউজারকে সনাক্ত করা হয়। পরে গত ৯ জানুয়ারি কামরুল হাসান শোভন (২৪) নামের এক ব্যক্তিকে ঢাকার নবাবগঞ্জ থানার গালিমপুর বাজারে থেকে আটক করা হয়। শোভনের মোবাইলে ওই ফেক আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনা স্বীকার করেছে। শোভন জানায় ছবিগুলো সে তার বন্ধু সুজনের মুঠোফোন থেকে কৌশলে সংগ্রহ ও সংরক্ষণ করে। এই ঘটনায় ৯ জানুয়ারি তারিখে মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান ধ্রুব জ্যোতির্ময় গোপ।