ক্যাসিনোকাণ্ডে জড়িত রূপন ফের রিমান্ডে

রূপন ভুইয়াক্যাসিনোকাণ্ডে জড়িত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভুইয়াকে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আদালত ফের তার ৫ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রূপনকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে রূপনের ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হককে শুধু গ্রেফতার দেখানোর আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। 

সোমবার (১৩ জানুয়ারি) দুই ভাইকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে। পরদিন ১৪ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত দুই মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

প্রসঙ্গত, গত বছর ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‍্যাব। এরপর ধানমন্ডি, কলাবাগান, উত্তরা, গুলশান, তেজগাঁওয়ের বেশকিছু  ক্লাবে একই ধরনের অভিযান চালায় পুলিশ ও র‍্যাব। এসব অভিযানে ক্যাসিনো সামগ্রী, প্রচুর পরিমাণে মদ ও টাকা উদ্ধার করা হয়। অভিযানগুলোতে যুবলীগের কয়েকজন নেতাসহ বেশকিছু ক্লাবের সংগঠককে ক্যাসিনোতে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।