স্যানিটাইজার ও মাস্ক সংকট নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
দেশে তিন জন করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পরপরই বাজারে স্যানিটাইজার ও মাস্ক সংকট দেখা দিয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (৯ মার্চ) আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলাকালে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে এসব কথা বলেন।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি সব আইনজীবীর উদ্দেশে বলেছেন, আপিল বিভাগের এজলাসসহ চেয়ার-টেবিল প্রতিদিন সকাল বেলা ডেটল দিয়ে পরিষ্কার করা হবে। সবাই সাবধান থাকবেন। আমাদের বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু সরকার ও চিকিৎসকদের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা গুরুত্বের সঙ্গে মেনে চলতে হবে। যেমন হ্যান্ডশেক না করা, যতখানি সম্ভব ভিড় এড়িয়ে চলা।’

তখন একজন আইনজীবী বলেন, ‘আদালত ছুটি দিয়ে দেওয়া হোক।’

প্রধান বিচারপতি বলেন, ‘না, সেটার প্রয়োজন নেই।’

এসময় একজন বললেন, ‘স্কুলগুলো ছুটি দিয়ে দেওয়া হোক।’

প্রধান বিচারপতি বলেন,  ‘না, সেটারও দরকার নেই। সরকারের নির্দেশ মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমাদের নজর দিতে হবে। খাওয়ার আগে পরে হাত ধোয়া, হাঁচি-কাশি থেকে দূরে থাকা। যথাসম্ভব বেশি জনসমাগমের ভেতর না থাকা।’