রাজধানী কদমতলী ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় টুটুল নামে একজনের ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামি টুটুলকে আদালতে হাজির করেন। আদালত তিনদিনের রিমান্ডে মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল কদমতলী এলাকায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলেও টুটুল মাস্ক পরে থাকায় তাকে চিনতে না পারেনি পুলিশ। তার ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচ থেকেই টুটুলকে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসতো। এ সুযোগে সে এমন ঘটনা ঘটায়। গ্রেফতারের পর টুটুল ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। ওই ঘটনায় গত ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটির বাবা কদমতলী থানায় মামলা দায়ের করেন।