ফেসবুক লাইভে ‘পুলিশ-র‌্যাব ভয় পাই না’ ঘোষণা দেওয়া সেই যুবক গ্রেফতার

8


অশ্লীল গালিগালাজ ও নৃত্য করার পর ফেসবুকে দেশে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে লাইভ করায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। আটক যুবকের নাম রায়হান আলম। সোমবার (১১ মে) ভোরে রাজধানীর শেওড়াপাড়া তার নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। সোমবার রাতে র‍্যাব-২ এর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই যুবক ভোর রাতে ও রমজানে সেহরির সময় ফেসবুক লাইভে এসে অশ্লীল নাচ ও মানুষকে গালিগালাজ করতো। গতকাল রাতেও লাইভে এসে বলেছে ‘আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি?’ তার বিরুদ্ধে অনেকে র‍্যাবের কাছে অভিযোগ করে। এরপর থেকে আমরা তাকে ধরতে অভিযান চালাই। আজ ভোরে তার বাসা থেকে আটক করা হয়।
তিনি বলেন, নিজের বাসায় ঘাপটি মেরে বসে সে সাইবার দুনিয়া কাঁপিয়ে যাচ্ছিল। অথচ তার পরিবার এসবের কিছুই জানত না। তার বাবা একজন বড় ঠিকাদার ছিলেন। তবে বয়স হবার কারণে এখন বাসাতেই থাকেন।