লিবিয়ায় মানবপাচারের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার ৫২

গ্রেফতারলিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশিকে অপহরণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একাধিক চক্রের ৫২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।সোমবার (১৫ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ মে ওই ২৬ বাংলাদেশির মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে আইজিপি ড. বেনজীর আহমেদ মানবপাচারের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডারদেরকে এই সংক্রান্ত কঠোর ও দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

সোহেল রানা আরও জানান, নির্দেশনা অনুযায়ী পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউনিটসমূহ ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করে। এরই ধারাবাহিকতায় এই পর্যন্ত মোট ২৬টি মামলায় ৫২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট।