ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই বিচারকের করোনা

করোনাভাইরাসঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১‌৯ পজিটিভ হওয়া অপর ম্যাজিস্ট্রেট হলেন রাজীব হাসান। তিনি একই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৫ জুন) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ারুল কবীর বাবুল বলেন, ‘সোমবার (২২ জুন) সিজেএম আদালতের সব বিচারকদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার এর ফলাফল আসে। রিপোর্টে সিজেএম মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারকের করোনা পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘এই দুই বিচারক বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তারা নিজ বাসাতেই আপাতত আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।‘

তিনি জানান, এর আগে গত সপ্তাহে সিজেএম আদালতের পেশকার হাবীব শেখসহ তার পুরো পরিবার কোভিড-১৯ পজিটিভ হন।

প্রসঙ্গত, এদিকে গতকাল (২৪ জুন) দেশের প্রথম করোনা আক্রান্ত হয়ে লালমনিহাটের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদের মৃত্যু হয়।